শমূয়েল শৌল কে তিরষ্কার করেন৷
13
শৌল ত্রিশ বছর বয়সে রাজা হন৷ দুই বছর ইস্রায়েলের উপরে রাজত্ব করার পর
2 শৌল নিজেদের জন্য ইস্রায়েলের মধ্যে তিন হাজার জন লোক নির্বাচন করলেন;
তার মধ্যে দুহাজার মিকমসে ও বৈথেল পর্বতে শৌলের সঙ্গে থাকল এবং এক হাজার বিন্যামীন প্রদেশের গিবিয়াতে যোনাথনের সঙ্গে থাকল;
আর অন্য সব লোককে তিনি নিজেদের তাঁবুতে পাঠিয়ে দিলেন৷
3 পরে যোনাথন গেবাতে থাকা পলেষ্টীয়দের পাহারাদার সৈন্যদলকে আঘাত করলেন ও পলেষ্টীয়েরা তা শুনল;
তখন শৌল দেশের সব জায়গায় তূরী বাজিয়ে বললেন,
“ইব্রীয়েরা শুনুক৷”
4 তখন সমস্ত ইস্রায়েল এই কথা শুনল যে,
শৌল পলেষ্টীয়দের সেই পাহারাদার সৈন্যদলকে আঘাত করেছেন,
আর ইস্রায়েলের জন্য পলেষ্টীয়দের তীব্র ঘৃণা জন্মেছে৷ পরে লোকেরা শৌলের সঙ্গে গিলগলে যোগ দিল৷
5 পরে পলেষ্টীয়েরা ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করতে এল;
ত্রিশ হাজার রথ,
ছয় হাজার ঘোড়াচালক ও সমুদ্রতীরের বালির মতো অগুন্তি লোক আসল;
তারা এসে বৈৎ-আবনের পূর্বদিকে মিকমসে শিবির তৈরী করল৷
6 তখন ইস্রায়েলের লোকেরা নিজেদেরকে বিপদের মধ্যে দেখল,
কারণ লোকেরা পীড়িত হচ্ছিল;
তখন লোকেরা গুহাতে,
ঝোপে,
শৈলে,
উঁচু জায়গায় ও গর্তে লুকাল৷
7 আর কয়েকজন ইব্রীয় যর্দ্দন পার হয়ে গাদ ও গিলিয়দ দেশে গেল৷ কিন্তু তখনও শৌল গিলগলে ছিলেন এবং তাঁর পিছনে আসা লোকেরা সবাই কাঁপতে লাগল৷
8 পরে শৌল শমূয়েলের ঠিক করা দিন অনুসারে সাত দিন অপেক্ষা করলেন;
কিন্তু শমূয়েল গিলগলে এলেন না এবং লোকেরা তাঁর কাছ থেকে ছড়িয়ে পড়তে লাগল৷
9 তাতে শৌল বললেন,
“এই জায়গায় আমার কাছে হোমবলি ও মঙ্গলার্থক বলি আন৷” পরে তিনি হোমবলি উত্সর্গ করলেন৷
10 হোমবলি উত্সর্গ শেষ করার সঙ্গে সঙ্গেই শমূয়েল উপস্থিত হলেন;
তাতে শৌল তাঁকে অভিবাদন করার জন্য তাঁর সঙ্গে দেখা করতে গেলেন৷
11 পরে শমূয়েল বললেন,
“তুমি কি করলে?”
শৌল বললেন,
“আমি দেখলাম,
লোকেরা আমার কাছ থেকে ছড়িয়ে পড়ছে এবং নির্ধারিত দিনের র মধ্যে আপনিও আসেন নি,
আর পলেষ্টীয়েরা মিকমসে জড়ো হয়েছে;
12 তাই আমি মনে মনে বললাম,
‘পলেষ্টীয়েরা এখনই আমার বিরুদ্ধে গিলগলে নেমে আসবে,’
আর আমি সদাপ্রভুর দয়া চাই নি;
তাই ইচ্ছা না থাকলেও আমি হোমবলি উত্সর্গ করলাম৷”
অস্ত্র বিহীন ইস্রায়েল
13 শমূয়েল শৌলকে বললেন,
“তুমি বোকার মত কাজ করেছ;
তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে আদেশ দিয়েছেন,
তা মেনে চলনি;
মানলে সদাপ্রভু এখন ইস্রায়েলের উপরে তোমার রাজত্ব চিরকাল স্থায়ী করতেন৷
14 কিন্তু এখন তোমার রাজত্ব স্থির থাকবে না;
সদাপ্রভু নিজের মনের মত এক জনকে বেছে নিয়ে তাকেই নিজের প্রজাদের শাসনকর্ত্তার পদে নিযুক্ত করেছেন;
কারণ সদাপ্রভু তোমাকে যা আদেশ করেছিলেন,
তুমি তা পালন করনি৷”
15 পরে শমূয়েল উঠে গিলগল থেকে বিন্যামীনের গিবিয়াতে চলে গেলেন;
তখন শৌল নিজের কাছের বর্তমান লোকদেরকে গণনা করলেন,
তারা অনুমান ছশো জন৷
16 শৌল তাঁর ছেলে যোনাথন ও তাদের কাছের বর্তমান লোকেরা বিন্যামীনের গেবাতে থাকলেন এবং পলেষ্টীয়েরা মিকমসে শিবির তৈরী করে থাকলো৷
17 পরে পলেষ্টীয়দের শিবির থেকে তিনদল বিনাশকারী সৈন্য বেরিয়ে এল,
তার একদল অফ্রার রাস্তা দিয়ে শূয়াল প্রদেশে গেল৷
18 আর একদল বৈৎ-হোরোণের পথের দিকে ফিরল এবং আর একদল মরুপ্রান্তের দিকে সিবোয়িম উপত্যকার দিকে সীমানার পথ দিয়ে গেল৷
19 ঐ দিনের সমস্ত ইস্রায়েল দেশে কামার পাওয়া যেত না;
কারণ পলেষ্টীয়েরা বলত,
“যদি ইব্রীয়েরা নিজেদের জন্য তরোয়াল কি বর্শা তৈরী করে৷”
20 এই জন্য নিজেদের হলমুখ বা ফাল বা কুড়ুল বা কোদাল ধার দেবার জন্য ইস্রায়েলের সব লোককে পলেষ্টীয়দের কাছে নেমে আসতে হত৷
21 সুতরাং সকলের কোদাল,
(তিন ভাগের দুই ভাগ সেকল) ফাল (4 গ্রাম রৌপ্য মুদ্রা) বিদা,
কুড়ুলের ধার এবং রাখালের লাঠির কাঁটা ভোঁতা ছিল;
22 আর যুদ্ধের দিনের শৌলের ও যোনাথনের সঙ্গী লোকদের কারও হাতে তরোয়াল বা বর্শা পাওয়া গেল না,
শুধুমাত্র শৌলের ও তাঁর ছেলে যোনাথনের হাতে পাওয়া গেল৷
23 পরে পলেষ্টীয়দের পাহারাদার সৈন্যদল বেরিয়ে এসে মিকমসের গিরিপথে এল